Breaking
18 May 2026, Mon

ভোটের বঙ্গে ১৭০ ওসি-সহ ১৮৪ পুলিশকর্তাকে সরাল কমিশন

এইকাল নিউজ: অব্যাহত নির্বাচন কমিশনের রদবদল প্রক্রিয়া। রবিবার আচমকাই ১৭০ থানার ওসিকে সরিয়ে দিল করল কমিশন। অপসারিত করা হয়েছে আরও তিন শীর্ষকর্তা- সহ রাজ্য পুলিশের ১১ জন উচ্চপদস্থ আধিকারিককেও। সব মিলিয়ে একধাক্কায় মোট ১৮৪ পুলিশকর্তাকে সরাল কমিশন।
তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর থানা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রাম থানা। পাশাপাশি সরানো হয়েছে কোচবিহারের শীতলকুচি-সহ একাধিক সংবেদনশীল থানার ওসিদের।
কমিশন জানিয়েছে, ভোটের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই ব্যাপক প্রশাসনিক পরিবর্তন। জানা গিয়েছে, বিভিন্ন জায়গা থেকে আসা রিপোর্ট ও বিশেষ পর্যবেক্ষকদের সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ জারি হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট থানাগুলিতে নতুন অফিসারদের যোগদানের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
ভবানীপুর থানার ওসি করা হয়েছে সৌমিত্র বসুকে। আলিপুর থানায় ওসি হয়েছেন প্রিয়ঙ্কর চক্রবর্তী। নন্দীগ্রাম থানায় ওসির দায়িত্ব পেয়েছেন শুভব্রত নাথ। এছাড়া পূর্ব মেদিনীপুরের কাঁথি, খেজুরি, চন্ডীপুর, হলদিয়া, কোলাঘাট, তমলুক, এগরা, পটাশপুর-সহ বিভিন্ন থানাতেও ওসি বদল হয়েছে। একই ভাবে কলকাতার আলিপুর, পর্ণশ্রী, মানিকতলা, নারকেলডাঙা, পার্ক স্ট্রিট প্রভৃতি থানায় ওসি বদল হয়েছে।

Developed by