Breaking
30 Sep 2026, Wed

দ্রুত নয়, নির্ভুল সংবাদই সাংবাদিকতার শক্তি

এই কাল নিউজ, বারাসত: খবর পরিবেশনে গতি যত বাড়ছে, ততই বাড়ছে তথ্য যাচাই ও সত্যতা নিশ্চিত করার দায়িত্ব। দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি নির্ভুল ও তথ্যনির্ভর সাংবাদিকতার গুরুত্বের বার্তা উঠে এল বারাসাত প্রেসক্লাবের দু’দিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায়।‘গণতন্ত্রের পাহারা—জনগণের অধিকার’ ভাবনাকে সামনে রেখে শনিবার বারাসাত জেলা পরিষদ ভবনের নীলদর্পণ সভাকক্ষে শুরু হয় এই কর্মশালা। রবিবার তার সমাপ্তি হয়। ‘শিখুন, জানুন, এগিয়ে চলুন’—এই বার্তাকে সামনে রেখে দু’দিন ধরে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, নির্ভরযোগ্য সূত্র নির্বাচন, প্রতিবেদন তৈরি এবং সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।বিশেষ গুরুত্ব পায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যাচাইহীন তথ্যের বিষয়টি। প্রশিক্ষকেরা জানান, দ্রুত তথ্য পাওয়ার প্রবণতার সঙ্গে পাল্লা দিয়ে সাংবাদিকদের তথ্যের সত্যতা যাচাই করতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্য সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে বলেও সতর্ক করা হয়।প্রথম দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, জয়দীপ দাশগুপ্ত ও অর্ক চক্রবর্তী। দ্বিতীয় দিনে ছিলেন ড. ইমানুল হক, সুব্রত বসু, অমিতাভ সিরাজ ও অর্ক চক্রবর্তী-সহ বিশিষ্টজনেরা।বারাসাত প্রেসক্লাবের সভাপতি ধৃতরাষ্ট্র দত্ত বলেন, “সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের পেশা নয়, মানুষের কাছে সত্য ও সঠিক তথ্য পৌঁছে দেওয়ার সামাজিক দায়িত্বও।” সম্পাদক প্রদীপ্ত ভট্টাচার্য এবং কো-অর্ডিনেটর অনন্ত চক্রবর্তী জানান, প্রিন্ট ও ডিজিটাল—উভয় মাধ্যমেই তথ্যনির্ভর, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব সমান।কর্মশালায় উপস্থিত ছিলেন কর্মবীর মধুসূদন চক্রবর্তী, আধিকারিক প্রসেনজিৎ মণ্ডল, বিধায়ক শংকর চট্টোপাধ্যায় এবং স্বরাষ্ট্র বিভাগের প্রাক্তন যুগ্ম সচিব প্রণব সরকার-সহ বিশিষ্ট ব্যক্তিরা।সমগ্র কর্মসূচিতে সহযোগিতা করেছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার (EZCC) এবং টাটা গোষ্ঠীর তানিস্ক।দু’দিনের এই কর্মশালার মধ্য দিয়ে সাংবাদিকতার ক্ষেত্রে তথ্যের নির্ভুলতা, দায়বদ্ধতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির উপরই বিশেষ জোর দিল বারাসাত প্রেসক্লাব।

Developed by