Breaking
15 Feb 2026, Sun

নাটক, ক্যুইজ,বিজ্ঞান প্রদর্শনীতে জমজমাট এইকালের ২৬ বছর

এইকাল নিউজ: সাপ্তাহিক সংবাদপত্র এইকালের ২৬ বছর পূর্তি উপলক্ষে নৈহাটি পুরসভার ঐকতানে অনুষ্ঠিত হল বিজ্ঞান প্রদর্শনী।
নৈহাটি এলাকার সবক’টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীরা এই বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নেয়। নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন ও নৈহাটি আদর্শ মহিলা বিদ্যালয় বিশেষ ভাবে নজর কেড়েছে।
এইকালের ২৬ বছর পূর্তি উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি নৈহাটির ঐকতান প্রেক্ষাগৃহে ছিল মূল অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক অভিনীত এবং নৈহাটি নাট্য সমন্বয় প্রযোজিত নাটক “আনন্দ”। নাটকের শেষে ছিল অভিনব ক্যুইজ প্রতিযোগিতা।
এদিনই প্রকাশিত হয় এইকালের বিশেষ সংখ্যা। সেটি অনুষ্ঠান মঞ্চে অতিথিদের হাতে তুলে দেওয়া হয়।
শুরুতেই বিশিষ্ট সঙ্গীতজ্ঞ নূতন ভৌমিকের পরিচালনায় উদ্বোধনী সঙ্গীতে অনুষ্ঠানের সুর বেঁধে দেন সংগীতাঞ্জলির শিল্পীরা। কপালে চন্দনের ফোঁটা পরিয়ে, উত্তরীয় ও স্মারক দিয়ে মঞ্চের অতিথিদের বরণ করে নেন এইকাল পরিবারের সদস্য বিউটি নাথ। সহযোগিতায় ছিলেন সৌমদীপ দে বিশ্বাস এবং মিতালি বন্দ্যোপাধ্যায় এবং সোমনাথ তিওয়ারি।
এইকালের সম্পাদক শোভনলাল রাহা জানান, এবছর এইকাল কর্মবীর সম্মান পেলেন দু’জন। বিশিষ্ট অভিনেত্রী দেবযানী সিংহকে কর্মবীর সম্মান তুলে দিলেন সঙ্গীতজ্ঞ নূতন ভৌমিক। পাশাপাশি এইকাল কর্মবীর সম্মানে ভূষিত হলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সচিব শান্তনু চক্রবর্তী।
প্রখ্যাত বাচিক শিল্পী প্রয়াত জয়শ্রী দে সরকারের নামাঙ্কিত এইকাল জয়শ্রী স্মৃতি স্মারকে সম্মানিত করা হয় আরেক বাচিক শিল্পী গৌতম পালকে।
এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্কিমভবন গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ তথা বঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি ড.রতনকুমার নন্দী। উপস্থিত ছিলেন নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষাবিদ কানাইলাল আচার্য ও অশোককুমার হালদার, অধ্যাপক অনিব্রত প্রামাণিক প্রমুখ বিশিষ্টজন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এইকাল পরিবারের সদস্য সাংবাদিক সুশ্বেতা ভট্টাচার্য।

Developed by